সাড়ে ৩২ লাখ টাকার কাজ ভাগ করে নিলেন যুবলীগের নেতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা এলজিইডির সাড়ে ৩২ লাখ টাকার কাজ যুবলীগের নেতারা গতকাল বৃহস্পতিবার ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দরপত্রের শিডিউল ক্রয় করা নিয়েও উপজেলা প্রকৌশল অফিসে যুবলীগ নেতাদের সঙ্গে ঠিকাদারদের হাতাহাতির ঘটনাও ঘটেছে। অভিযোগ পাওয়া গেছে, নেতাদের সহযোগিতা করেছেন প্রকৌশল অফিসের কর্মকর্তারা।
সাধারণ ঠিকাদার ও নেতা-কর্মীরা জানান, কালিয়াকৈর উপজেলার এলজিইডির মাধ্যমে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ফান্ডে উপজেলার বিভিন্ন এলাকায় ছয়টি প্যাকেজে উন্নয়নকাজ করা হবে। এগুলোর মধ্যে রয়েছে, কালভার্ট নির্মাণ, ইটের সলিং রাস্তা, গভীর নলকূপের ড্রেন নির্মাণ, স্কুলের টয়লেট নির্মাণ, বিভিন্ন স্থানে সীমানা পিলার তৈরির কাজ। কাজের ছয়টি প্যাকেজে ৩২ লাখ ৫০ হাজার টাকার কাজ রয়েছে। এসব কাজের জন্য উপজেলা প্রকৌশল অফিস থেকে ১২ মে টেন্ডার আহ্বান করা হয়। গত বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত দরপত্র বিক্রির শেষ তারিখ নির্ধারণ করা হয়। গতকাল বৃহস্পতিবার ছিল দরপত্র জমা দেওয়ার তারিখ। গত বুধবার ঠিকাদার আবদুল আজিজ ও মো. শামিম মিয়া দরপত্র ক্রয় করতে গেলে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের যুবলীগের সভাপতি মো. নাজমুল হোসেন তাঁদের বাধা সৃষ্টি করেন। প্রকৌশল অফিসের কর্মকর্তাদের সামনেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই যুবলীগের নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন পয়েন্টে এবং সোনালী ব্যাংকেও পাহারা বসান। কোনো ঠিকাদারকে উপজেলা পরিষদের দিকে যেতে দেওয়া হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে যুবলীগের কয়েক নেতা জানান, কালিয়াকৈর উপজেলা যুবলীগের নতুন কমিটি গঠন করা হয় গত ২৪ এপ্রিল। এতে সভাপতি নির্বাচিত হন মো. হিরো মিয়া ও সাধারণ সম্পাদক হন রেজাউল করিম। তাঁদের নেতৃত্বেই যুবলীগ নেতা ও ঠিকাদারদের নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে একটি গোপন বৈঠক হয়। ওই বৈঠকে বসে ছয়টি প্যাকেজের কাজ ভাগাভাগি করেন যুবলীগ নেতারা। কাজগুলো পেয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের অরপা এন্টারপ্রাইজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. ইমন হোসেন, চাপাইর ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল হোসেন, আওয়ামী মহিলা লীগের নেত্রী আসমা আক্তার ও উপজেলা যুবলীগের নেতা শহিদুল ইসলামের ভাই মো. সুলতান মিয়া। তবে একটি প্যাকেজের কাজের কোনো সমঝোতা না হওয়ায় কাজটি কে পেয়েছেন, তা এখনো নির্ধারণ হয়নি।
এ ব্যাপারে ঠিকাদার সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘কাজ তো পাইনি। কাজ কীভাবে পাব? আমাদের তো টেন্ডার ফালাইতে দেয়নি।’
কে দেয়নি জানতে চাইলে সানোয়ার হোসেন বলেন, ‘এগুলো ফোনে বলা যাবে না। সাক্ষাতে বলতে হবে।’
দরপত্র ক্রয় করতে বাধা দেওয়া প্রসঙ্গে চাপাইর ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল হোসেন বলেন, ‘দরপত্র ক্রয়ে কোনো বাধা দেওয়া হয়নি। হাতাহাতিও হয়নি। শুধু কথা-কাটাকাটি হয়েছে।’
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এগুলো যারা বলেছে তারা সরকারের ও আমাদের মন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য বলেছে।’
উপজেলা প্রকৌশল অফিসের হিসাবরক্ষক খন্দকার আজিমুল আহসান জানান, ছয়টি কাজের ৫৪টি শিডিউল বিক্রি করা হয়েছিল। তবে সবগুলো জমা পড়েনি।
অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশল কর্মকর্তা সাজ্জাদ কবীর ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমরা নিয়ম অনুযায়ীই টেন্ডার দিয়েছি।’