সাড়ে ৮ টন ইলিশ জব্দ
প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা সত্ত্বেও সাড়ে আট টন ইলিশ মাছ ধরার অপরাধে ছয় জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ৮৬ জেলেকে এক লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেন একই আদালত।
গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের পতেঙ্গা মেরিন ফিশারিজ ঘাটে জেলেদের এই দণ্ড দেওয়া হয়। এর আগে বুধবার রাতভর সন্দ্বীপ চ্যানেল এবং কর্ণফুলী মোহনায় অভিযান চালিয়ে আটটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৯২ জন জেলেকে আটক করে কোস্টগার্ড। তাঁদের কাছে এ সময় সাড়ে আট মেট্রিক টন ইলিশ পাওয়া যায়।
মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, ‘কোস্টগার্ড জেলেদের আটক করে আমাদের কাছে বৃহস্পতিবার রাতে হস্তান্তর করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আদালত বসিয়ে তাঁদের বিভিন্ন মেয়াদে কারা এবং অর্থ দণ্ড দেওয়া হয়।’
আটক জেলেদের মধ্যে কবির আহমদ নামের একজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আবুল কালাম, মো. হারুন, মো. সিরাজ, মো. হাবিব ও ছিদ্দিক আহমদকে দুই থেকে ছয় মাসের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
একই আদালত আটক অপর ৮৬ জেলের প্রত্যেককে নগদ দুই হাজার টাকা করে মোট এক লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেন বলে জানা গেছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন আদালতের নেতৃত্ব দেন। এ সময় সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক নাছির উদ্দিন মো. হুমায়ুন, জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রজনন মৌসুমের কারণে ইলিশ ধরা, বিপণন ও বিক্রি নিষিদ্ধ ছিল।