সাড়ে ৮০০ টাকার জন্য রিকশাচালককে খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন খেটে রিকশাচালকের আয় হয়েছিল সাড়ে ৮০০ টাকা। সেই টাকাগুলোর জন্যই খুন হলেন তিনি। গ্রেপ্তার হওয়ার এক খুনির জবানবন্দিতে উঠে আসে খুনের ঘটনার পূর্বাপর।

গত ১৭ মে সকালে অজ্ঞাত হিসেবে নগরের আগ্রাবাদে অবস্থিত বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পাশ থেকে পঞ্চাশোর্ধ ওই রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়। খুনের ঘটনার প্রায় এক মাস পর রহস্য উদঘাটন করল পুলিশ। এ ঘটনায় গত শুক্রবার রাতে আবদুল মান্নান ওরফে কানা মান্নান নামের এক আসামিকে গ্রেপ্তারের পর রহস্যের জট খোলে।

গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে কানা মান্নান এই খুনের ঘটনায় তিনি নিজেসহ মোট চারজন জড়িত বলে উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে উল্লেখ করা হয়, মাত্র সাড়ে ৮০০ টাকার জন্য এই খুনের ঘটনা ঘটে। নিয়ে যাওয়া হয় রিকশাটিও। পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়। তবে ওই রিকশাচালকের নাম-ঠিকানা এখনো বের করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্র আরও জানায়, কানা মান্নান, মোস্তফাসহ চার সন্ত্রাসী আগ্রাবাদ এলাকায় ১৬ মে রাতে মাদক সেবন করছিলেন। ওই সময় তাঁদের সামনে পড়েন অজ্ঞাত ওই রিকশাচালক। চার সন্ত্রাসী রিকশাচালকের সারা দিনের আয়ের সাড়ে ৮০০ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। রিকশাচালক বাধা দিলে তাঁর বুকে ছুরিকাঘাত করা হয়। এরপর টাকা ও রিকশা নিয়ে চলে যায় সন্ত্রাসীরা। পরের দিন সকালে লাশ পাওয়া গেলে ডবলমুরিং থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধারের পর সপ্তাহ তিনেক আগে আগ্রাবাদ থেকে মোস্তফা নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আরও হত্যা মামলা আছে। কিন্তু তিনি হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। শুক্রবার রাতে কানা মান্নানকে আগ্রাবাদের ডেবারপাড় এলাকা থেকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়।