সাত কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়ায় কাকডাঙ্গা সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে সাত কেজি ওজনের ৬০টি সোনার বার আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে ১২টার দিকে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

কেড়াগাছি ইউনিয়নের চেয়ারম্যান ভুট্টোলাল গাইনের ভাষ্য, সাতক্ষীরার ৩৮ বিজিবি ব্যাটালিয়নের কাকডাঙ্গা ক্যাম্পের নায়েক সুবেদার কামাল হোসেন তাঁকে জানিয়েছেন, ভারতে পাচার করার জন্য কাকডাঙ্গা গ্রামের জহিরুল ইসলামের বাড়িতে সোনা মজুত করে রাখা আছে বলে তাঁরা গোপন সংবাদ পেয়েছেন। পরে চৌকিদার মিজানুর রহমান ও আব্দুস ছাত্তার এবং তাঁকে সঙ্গে নিয়ে বিজিবি সদস্যরা ওই বাড়িটি ঘেরাও করে ব্যাটালিয়নের অধিনায়ক মেজর নজির আহমেদ বকশীকে খবর দেওয়া হয়।

মেজর নজির আহমেদ দুপুর একটার দিকে ঘটনাস্থলে এসে ওই বাড়ির বারান্দায় রাখা কাপড়ের মধ্যে থেকে একটি থলি উদ্ধার করেন। এর মধ্যে টেপ দিয়ে বাঁধা ছিল ছয়টি প্যাকেট। প্রতিটি প্যাকেটে পাওয়া গেছে ১০টি করে সোনার বার।

মেজর নজির আহমেদ বকশী জানান, ওজন করে দেখা গেছে ৬০টি সোনার বারের ওজন সাত কেজি।