সাত কোটি টাকার সম্পদ অবহেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎবিহীন উপজেলা বরকল সদরে সরকারি কর্মকর্তাসহ স্থানীয় লোকজনকে বৈদ্যুতিক সুবিধা দিতে হাতে নেওয়া হয়েছিল তিনটি প্রকল্প। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত তিনটি প্রকল্পে কমপক্ষে ছয় কোটি টাকা ব্যয় হয়েছে। এখন প্রকল্পগুলো পরিত্যক্ত। দায়িত্ব নেওয়ার কেউ নেই।
সরেজমিনে দেখা গেছে, একটি সেমিপাকা টিনশেডের বাড়ির ভেতরে প্রায় ছয় ফুট উচ্চতার বড় বড় তিনটি জেনারেটরে মরিচা ধরেছে, সৌরবিদ্যুতের মূল্যবান ইনভার্টার, ব্যাটারি অযত্ন-অবহেলায় রয়েছে। কয়েকটি ব্যাটারি থেকে পানি বের হচ্ছে। বাঁশের বেড়ার সিলিং নষ্ট হয়ে ওই সব যন্ত্রপাতির ওপরে পড়ছে। টিনের ছাদে ছিদ্র। পাশে একটি পাহাড়ি ঝিরির নিচের অংশে ছোট একটি বাড়ির ভেতরে মূল্যবান টারবাইন। বাড়ির চারদিক লতায় প্যাঁচানো।
বৈদ্যুতিক সরঞ্জামগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাবলু কর্মকার বলেন, ‘২০০৬ সালে নিয়োগ পাওয়ার পর মাসে এক হাজার ৫০০ টাকা পেয়েছি। ২০১১ সালে তা কমিয়ে ৫০০ টাকা করা হয়। গত এক বছরে কোনো টাকা পাইনি।’
জানা গেছে, বরকল উপজেলা সদরে প্রথম বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয় ১৯৮৫ সালে। পিডিবির ব্যবস্থাপনায় ওই সময় তিনটি বড় জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু হয়। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ছিল এক কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পটি সাড়ে তিন থেকে চার বছর চলার পর বন্ধ হয়ে যায়।
২০০৬ সালে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে বরকল সদরের মাঝখানে একটি পাহাড়ি ঝিরিতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নেওয়া হয়। টারবাইনের মাধ্যমে ৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার এই প্রকল্পের ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তায় ছিল পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতায়ন প্রকল্প। প্যান এশিয়া পাওয়ার সার্ভিস (পাস) লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি স্থাপনের কাজ পায়। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ছিল আড়াই কোটি টাকার বেশি। ২০০৬ সালে ১২ অক্টোবর তৎকালীন পার্বত্য উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান প্রকল্পটির উদ্বোধন করেন। তবে এক দিনের জন্যও তা চালু করা যায়নি বলে স্থানীয় লোকজনের অভিযোগ।
এর আগে পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় ২০০৫ সালে সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের প্রকল্প হাতে নেওয়া হয়। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ১০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পে ২০০টি প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি বসানো হয়। প্রকল্পটির ব্যয় নির্বাহের লক্ষ্যে গঠন করা হয় ‘বিএমসি’ বা উপকারভোগী ব্যবস্থাপনা কমিটি। প্রকল্পটি চালু অবস্থায় পরিবারপিছু সংযোগ ফি ও মাসিক বিল নেওয়া হয়। ওই টাকা পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও বিএমসির সভাপতির যৌথ স্বাক্ষরে ব্যাংকে রাখা হয়। বিএমসির সদস্যদের অভিযোগ, প্রকল্পটির ব্যবস্থাপনায় কারিগরি জ্ঞানসম্পন্ন লোক নিয়োগ না দেওয়ায় তিন বছর পর বন্ধ হয়ে যায়।
বিএমসির সভাপতি বরকল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা বলেন, ‘বিএমসির তহবিলে প্রায় ১৩ লাখ টাকা রয়েছে। তবে সেগুলো বন্ধ হয়ে যাওয়া প্রকল্প ছাড়াও সদরের বাইরে ৩০০ হাউসহোল্ড সৌরবিদ্যুতের যৌথ টাকা। সেগুলো নিয়ে কী করব, তা আমরা এখন চিন্তাও করছি না।’
পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অতিক্রম চাকমা বলেন, ‘এ ব্যাপারে আমাদের করার কিছু নেই। আমাদের কোনো অর্থ বরাদ্দও দেওয়া হয় না। তা ছাড়া প্রকল্পগুলোর বিষয়ে আমরা তেমন অবগতও নই।’