সাত খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলিমের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওয়াহিদুজ্জামান সেলিম আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেছেন। আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। এই মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিসহ মোট নয় আসামি পলাতক আছেন।

এই আদালতের সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন বলেন, রায় ঘোষণার ২৯ দিনের মাথায় আত্মসমর্পণ করেন সাত খুন মামলার প্রধান আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনের এই সহযোগী। আদালত ওয়াহিদুজ্জামান সেলিমকে কারাগারের কনডেম সেলে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৬ জানুয়ারি আলোচিত সাত খুন মামলার রায়ে র‌্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নুর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মধ্যে র‌্যাবের আটজনসহ ১২ জন পলাতক ছিলেন। তাঁদের মধ্যে ৯ ফেব্রুয়ারি মাগুরা থেকে পুলিশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সার্জেন্ট এনামুল কবিরকে গ্রেপ্তার করে। ১২ ফেব্রুয়ারি দীর্ঘদিন পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিপাহি আবদুল আলিম আদালতে আত্মসমর্পণ করেন। আজ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওয়াহিদুজ্জামান সেলিম আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে দণ্ডপ্রাপ্ত নয়জন পলাতক আছেন, তাঁদের মধ্যে র‌্যাবের ছয়জন।