সাত খুনের আসামি র্যাব সদস্যের 'আত্মহত্যার চেষ্টা'
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি র্যাব-১১-এর সদস্য ল্যান্স নায়েক বেলাল হোসেনকে (৪৫) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ কারাগারে আটক অবস্থায় গতকাল শুক্রবার রাতে তিনি নিজের গলায় ও পেটে ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে কারা কর্তৃপক্ষ দাবি করেছে।
কারা কর্তৃপক্ষ বলেছে, ঘটনার পরপরই বেলালকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের পাঠানো হয়। সেখান থেকে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেলের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগে ৩১৫ নম্বর ওয়ার্ডে চিকিত্সক আসিফের অধীনে চিকিত্সাধীন বেলাল। আসিফ জানান, বেলালের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শ্বাসনালি ও পেট কেটে গেছে। কাটা জায়গায় অস্ত্রোপচার করা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলী প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জ কারাগার থেকে বেলালকে রাত সোয়া একটার দিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
তবে ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, বেলাল হোসেনের শরীরে চারটি আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে গলায় তিনটি এবং একটি পেটে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মো. ফোরকান বলেন, তাঁরা মনে করছেন বেলাল আত্মহত্যার চেষ্টা করেছেন। চিকিত্সকের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিত্সক আসাদুজ্জামান জানান, বিল্লাল হোসেনের গলায় ও পেটে ওয়ান টাইম ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের এক কর্মচারী প্রথম আলোকে জানান, হাসপাতালে নিয়ে আসার পর বিল্লাল হোসেন বলতে থাকেন, ‘আমাকে বাঁচাবেন না। আমি খুন করেছি। আমি সাত খুনের সাথে জড়িত। আমাকে মরতে দেন।’