নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাব-১১-এর মেজর সুরুজ মিয়া ও ল্যান্স নায়েক আবদুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা জানিয়েছেন, তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি র্যাব-১১-এর দুই সদস্য সাক্ষ্য নেয়। আজ তদন্ত কমিটির কাছে চার সদস্যের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও সিপাহি আলী আযম ও মেজর আরিফ হোসেনের গাড়িচালক নায়েক দেলোয়ার হোসেন অনুপস্থিত ছিলেন।
জিজ্ঞাসাবাদ শেষে শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, ‘র্যাবের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা ঘটনা সম্পর্কে কী জানেন, অন্য সাক্ষীদের সম্পর্কে কী জানেন, সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে নোটিশ করার কারণেই র্যাবের অন্য দুই সদস্য আসতে পারেননি। তদন্তে অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই আমরা প্রতিবেদন দেব।’
উল্লেখ্য, সুরুজ মিয়া ও আবদুর রাজ্জাক অপহরণ ও খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে আলোচিত এ মামলায় ১৫ জন কারাগারে আটক রয়েছেন।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল ছয়জনের এবং পরের দিন একজনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল হত্যার ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক মামলা করেন।
এই ঘটনায় এর আগে র্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া র্যাব-১১-এর ছয় সদস্য অপহরণ ও খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।