সাত গাড়িতে পেট্রলবোমা, আগুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচির ৩২তম দিন ছিল গতকাল শুক্রবার। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল রাত নয়টা পর্যন্ত বিভিন্ন স্থানে বাস, ট্রাকসহ সাতটি যানবাহনে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে ফেনীতে কাভার্ড ভ্যানে ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন চালকের সহকারী।
এদিকে অবরোধের মধ্যে বৃহস্পতিবার রাতে পুলিশের গুলি ও ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। রাজশাহীতে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার তথ্যবিষয়ক সম্পাদক শাহবুদ্দিন। কুমিল্লার চৌদ্দগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারী ও যশোরে পুলিশের গুলিতে জামায়াতে ইসলামীর কর্মী শহিদুল ইসলাম।
রাজশাহী ও কুমিল্লায় ছাত্রশিবিরের নেতা নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের সব জেলায় আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ছাত্রশিবির।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে টানা এই অবরোধ কর্মসূচি চলছে। তবে এর দুই দিন আগেই সহিংসতার শুরু। সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৯ জন। আহত সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৪৬৩টি যানবাহনে এবং ভাঙচুর করা হয় আরও ৪৯০টি। নাশকতার আশঙ্কায়, সহিংসতায় জড়িত সন্দেহে এবং মামলা ও অন্যান্য ঘটনায় আটক বা গ্রেপ্তার করা হয় ৯১ ব্যক্তিকে।
অবরোধে ঢাকার বাইরের চিত্র: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সবরিতলা এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে গতকাল সকালে সিমেন্টবোঝাই দুটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। এতে ট্রাক দুটির সামনের অংশ পুড়ে গেলেও কেউ আহত হননি। খুলনা থেকে দুটি সিমেন্টবোঝাই ট্রাক গাইবান্ধায় যাচ্ছিল। ট্রাক দুটি সকাল সাড়ে আটটার দিকে সবরিতলা এলাকায় পৌঁছালে অবরোধকারীরা পথরোধ করে। তারা চালক ও তাঁর সহকারীদের নামিয়ে দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় গতকাল সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানে পেট্রলবোমা ছোড়ে অবরোধকারীরা। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ পুড়ে যায় এবং চালকের সহকারী বাচ্চু হাওলাদার (২৮) দগ্ধ হন। তাঁর মুখমণ্ডল ও দুই হাতের কিছু অংশ পুড়ে গেছে। তাঁকে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাঁর বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার পটিয়াখালী গ্রামে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী শহরের নতুন বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে এ সময় বাসের ভেতর চালক কিংবা সহকারী কেউ না থাকায় কারও কোনো ক্ষতি হয়নি।
সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের লালাবাজারে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পাথরবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকে আগুন ধরে গেলে চালক ও তাঁর সহকারী লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের চরপোড়াগাছা এলাকায় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ভুলুয়া খালের স্টিল ব্রিজের দুটি প্লেট খুলে ফেলে। স্থানীয় লোকজন জানান, রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে করে প্রায় চার ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ছয়টায় ঘটনাস্থলে পৌঁছে আবার প্লেটগুলো স্থাপন করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের ভবানীপুর গ্রামে এখলাছুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে বৃহস্পতিবার রাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে দুইটার দিকে পোড়া গন্ধ পেয়ে এখলাছুর রহমান ঘুম থেকে জেগে ওঠেন। পরে দরজা খুলে বারান্দার এক কোণে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার দেন। আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বারান্দার বাইরে প্লাস্টিকের ব্যাগে লাউগাছের পাতা দিয়ে ঢাকা পেট্রলভর্তি পাঁচ লিটারের একটি প্লাস্টিকের বোতলসহ এক লিটারের খালি আরেকটি বোতল পাওয়া যায়। আগুনে কিছু আসবাব ও বিদ্যুতের মিটার পুড়ে গেছে।
এখলাছুর আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে দাবি করেছেন দলের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুরের বাসিন্দা শফিক আহমদ।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী গতকাল জানান, ঘটনাটি পূর্বশত্রুতার জের ধরে নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}