সাত গ্রামে চলে প্রকাশ্যে মাদক কেনাবেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বেড়িবাঁধ এলাকার সাত গ্রামে প্রকাশ্যে মাদক কেনাবেচা চলছে। তবে দুই থানার রশি-টানাটানিতে সেখানে পুলিশের অভিযান বন্ধ রয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও, বাটপাড়া, ভাঙ্গালপুর, খিদিরপুর, বড়ভিটা, বাদামতলা ও চৌধুরীপাড়া—এ সাত গ্রাম রূপগঞ্জ-ভুলতা-গাউছিয়া বেড়িবাঁধের ভেতরে অবস্থিত। এলাকাটি সোনারগাঁ থানা থেকে ১৪ কিলোমিটার ও রূপগঞ্জ থানা থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত।
গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে জানা যায়, গ্রামের জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার নারী-পুরুষ মাদক বিক্রি ও সেবনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে পড়েছেন। বেড়িবাঁধের ভেতরের এ গ্রামগুলোতে দিনরাত প্রকাশ্যে মাদক কেনাবেচা চলে। আশপাশের বিভিন্ন উপজেলা থেকে মাদকসেবীরা এ এলাকা থেকে মাদক কিনে নিয়ে যায়। অনেকে এখানে বসেই মাদক সেবন করে চলে যায়।
খিদিরপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘সাত গ্রামের নারী-পুরুষ ও শিক্ষার্থীরা যেভাবে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িয়ে পড়ছে, তাতে এ এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বড়ভিটা গ্রামের এক গৃহবধূ বলেন, ‘আমার স্বামী একজন মাদক বিক্রেতা। এখন আমার স্কুলপড়ুয়া ছেলে ও কলেজপড়ুয়া মেয়েও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমার স্বামীকে ধরতে এলে আমি তাঁদের সাহায্য করব। মাদকের কারণে আমার সংসার ধ্বংসের পথে।’
সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ‘আমার ইউনিয়নে মাদকের ছড়াছড়ি। তবে বেড়িবাঁধের ভেতরের সাত গ্রামে মাদকের ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে যে গ্রামগুলোর অনেকে পেশা হিসেবে মাদক ব্যবসাকে বেছে নিয়েছে। আমি বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় একাধিকবার উপস্থাপন করেছি। পুলিশ অভিযান চালানোর ঘোষণা দিয়েও কোনো অভিযান পরিচালনা করেনি।’ তিনি বলেন, সাতটি গ্রামে অভিযান চালাতে সোনারগাঁ ও রূপগঞ্জ—এ দুই থানার পুলিশের মধ্যে রশি-টানাটানি চলছে।
এলাকার একজন প্রবীণ স্কুলশিক্ষক বলেন, ‘আমাদের এলাকার মাদক ব্যবসা ও মাদক সেবনে এখন অধিকাংশ পরিবারের সদস্যরা জড়িয়ে পড়েছে। সবচেয়ে ভয়ংকর দিক হচ্ছে পরিবারের বাবা ও বড় ভাইদের পথ ধরে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও মাদকে জড়িয়ে পড়ছে। এ এলাকায় ইয়াবা বড়ি ও দেশি মদ সবচেয়ে বেশি বেচাকেনা হয়।’
সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, ‘সীমান্তবর্তী এলাকা হওয়ায় অতিরিক্ত পুলিশ ছাড়া সেখানে অভিযান চালানো সম্ভব নয়। সোনারগাঁ এলাকা থেকে অভিযান শুরু করলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে চলে যায়। এ ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ব অনুমতি ছাড়া অন্য থানা এলাকায় আমরা প্রবেশও করতে পারি না।’
জানতে চাইলে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফোরকান শিকদার প্রথম আলোকে বলেন, ‘রূপগঞ্জ ও সোনারগাঁ থানার সীমান্তবর্তী গ্রামগুলোতে মাদকের ব্যবসা সম্পর্কে আমরা অভিযোগ পেয়েছি। শিগগিরই দুই থানার পুলিশের সাহায্য নিয়ে যৌথ অভিযান চালিয়ে মাদক ব্যবসা বন্ধ করা হবে।’