সাত ছাত্রীকে বের করে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাত ছাত্রীকে হোস্টেল ছাত্রলীগের নেত্রীরা কলেজ থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফারজানা আক্তার ও সাধারণ সম্পাদক মাসুমা আক্তারের অনুসারীরা তাঁদের বের করে দেন।

জানা গেছে, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজন গতকাল সভাপতি ফারজানা আক্তারের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে অভিযোগ জমা দিতে যাওয়ার পথে তাঁদের ধরে হোস্টেলে নেওয়া হয়। সেখান থেকে মালামালসহ তাঁদের বের করে দেওয়া হয়।

গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে বিতাড়িত ছাত্রীরা অভিযোগ করেন, ‘আমরা সভাপতির কার্যকলাপ ও আচরণে অতিষ্ঠ। তিনি আমাদের নিয়ে ক্যাম্পাসে ও বাইরে সবার কাছে মিথ্যা ও বাজে কথা বলে বেড়ান।’

বিতাড়িত ছাত্রী ইরফাত ইমামী অভিযোগ করেন, ‘সভাপতি ফারজানা আমাদের তাঁর সঙ্গে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। এতে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছিল। এর প্রতিবাদ করায় আমাদের বের করে দেওয়া হয়েছে। আমরা এখন বাইরে অবস্থান করছি।’

এ বিষয়ে জানতে ফারজানার মুঠোফোনে বারবার চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। কলেজের অধ্যক্ষ শামসুন্নাহারের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

তবে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান দাবি করেন, ‘যাদের বের করে দেওয়া হয়েছে, তারা কলেজের সভাপতিকে পিটিয়েছে। এ জন্য তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’