সাত জুয়াড়ির জেল-জরিমানা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত চারজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বাকি তিনজনকে জরিমানা করে ছেড়ে দেন।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, গতকাল বেলা একটার দিকে দৌলতদিয়া টার্মিনাল এলাকার পাশে বসে তাস দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে সাতজনকে আটক করা হয়। পরে তাঁদের উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে হাজির করা হলে নির্বাহী হাকিম মো. বদরুদ্দোজা শুভ চারজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার দৌলতদিয়া বড় মসজিদ এলাকার শেখ সাহেব আলী, স্থানীয় বাজার এলাকার আবুল কালাম আজাদ, গোয়ালন্দ পৌর শহরের কাজীপাড়ার মিলন মাতুব্বর ও বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল এলাকার মিন্টু মণ্ডল। এ ছাড়া বাকি তিনজনের কাছ থেকে ২০০ টাকা করে জরিমানা আদায় শেষে ছেড়ে দেওয়া হয়। তাঁরা হলেন আবদুল করিম, মো. ফরহাদ ও মো. আজাদ।