সাত জেলায় আরও ১৮৯ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অব্যাহত অবরোধে বিভিন্ন সহিংসতায় জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ছয় জেলায় অন্তত ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অধিকাংশই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী-সমর্থক। এর মধ্যে শুধু ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ১১ নেতা-কর্মীসহ গ্রেপ্তার করা হয়েছে ১০১ জনকে।
ব্রাহ্মণবাড়িয়া: হরতাল ও অবরোধে নাশকতার ঘটনায় করা মামলায় বিএনপির ১১ নেতা-কর্মীসহ ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান জানান, বিএনপির ১১ নেতা-কর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যরা বিভিন্ন মামলার আসামি। এদিকে বৃহস্পতিবার রাতে সরাইল উপজেলার মহরম আলী (৩০) নামের বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উপচালিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা: বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতের আটজন কর্মীসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া: বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএনপির একজন ও জামায়াতের দুজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে থেকে জেলা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি আবদুল খালেক জানান, দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চাঁদপুর: নাশকতার অভিযোগে ২৩ জন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির কর্মী ১৫ জন ও জামায়াতের আটজন। তাঁদের অনেকের বিরুদ্ধে আগেও নাশকতার মামলা রয়েছে।
বিশ্বনাথ (সিলেট): সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার হামজাপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২২ জানুয়ারি রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কে উপজেলার সাহাপুর সেতুর ওপর পেট্রলবোমা নিক্ষেপ করে ট্রাক পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালী: সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ উল্লা, পৌর জামায়াতের নেতা নজির আহমেদ এবং জামায়াত-সমর্থক মো. নুরুল হককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। অপর দিকে একই রাতে সদরসহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপির আরও ১৩ জন কর্মীকে আটক করেছে পুলিশ। আটক নেতা-কর্মীদের গতকাল বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর বিশেষ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গাইবান্ধা: অবরোধে নাশকতার আশঙ্কায়¦বৃহস্পতিবার রাত ১০টা থেকে গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত গাইবান্ধার সাত উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা; কুষ্টিয়া ও নোয়াখালী অফিস এবং গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, চাঁদপুর ও বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ]