সাত জেলায় গ্রেপ্তার ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত জেলা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার মধ্যরাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

সিলেট: জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমির জালালউদ্দিনসহ জামায়াত-শিবিরের নয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে জকিগঞ্জের বাবুরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জামায়াতের নেতা জালালউদ্দিনের বাড়ি থেকে জিহাদি বই, ১৩টি রামদাসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।

কুমিল্লা: ভিক্টোরিয়া সরকারি কলেজের নওয়াব ফয়জুন্নেছা ছাত্রীনিবাস থেকে ইসলামী ছাত্রী সংস্থার তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন সংগঠনটির কুমিল্লা অঞ্চলের প্রচার ও প্রকাশনা সম্পাদক কানিজ ফারহানা, ছাত্রী সংস্থার সদস্য আরজিনা আক্তার ও সালমা আক্তার। তাঁরা ছাত্রীনিবাসটির ২০২ নম্বর কক্ষের বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আবদুর রব বলেন, ওই তিন ছাত্রীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁ: জেলা জামায়াতের অর্থবিষয়ক সম্পাদক ও সাপাহার উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সাইদুল ইসলামকে গতকাল গ্রেপ্তার করেছে র‌্যাব। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আসিকুর রহমান।

ঝিনাইদহ: তিন উপজেলা থেকে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলাম মুন্সী, জামায়াতের কর্মী আ ন ম মাকসুদুর রহমান (৫৩) ও আমজাদ আলী (৩০) এবং শিবির কর্মী জুয়েল রানা (২২), সেলিম হোসেন (২০) ও সাগর হোসেন (১৯)। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

জামালপুর: মাদারগঞ্জ উপজেলা জামাতের আমির আবদুল ওয়াহেদকে বুধবার রাতে জোড়খালি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাগমারা(রাজশাহী): জেএমবির তালিকাভুক্ত সদস্য আকবর আলী (৫৩) ওরফে ভাটা আকবরকে বাগমারা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। বাগমারা থানার উপপরিদর্শক রাজীব হাসান জানান, আকবর আলী প্রয়াত জঙ্গিনেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অর্থ জোগানদাতা ছিলেন। এর আগেও তাঁকে আটক করা হয়েছিল।

মাগুরা: সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি আল আমিন সুমনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় জামায়াত পরিচালিত আল আমিন মাদ্রাসার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ছয়টি ককটেল উদ্ধার: মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী বাড়িবাঁকা গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।