সাত জেলায় শিশুসহ সাতজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে মোটরসাইকেলের এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ছয় মাস বয়সী এক শিশুকে মেরে ফেলেছেন এক প্রতিবেশী। বরগুনার বেতাগী উপজেলায় গণপিটুনিতে তরুণ, নড়াইল সদর উপজেলায় পিটুনিতে এক ব্যক্তি, বগুড়ার শেরপুরে মারধরে ব্যবসায়ী, নওগাঁয় শ্বাস রোধে স্ত্রী ও দিনাজপুরের হাকিমপুরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। এ ছাড়া টাঙ্গাইলে এক ব্যবসায়ী ও ফরিদপুরের চরভদ্রাসনে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার এসব ঘটনা ঘটেছে।
নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পিরোজপুর: ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক মহসিন হাওলাদারকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে দাড়িয়াপুর গ্রামের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মহসিন বাড়ি থেকে বের হন। গতকাল সকালে মাঠে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন।
শরীয়তপুর: গোসাইরহাট থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, উপজেলার নলমুড়ি ইউনিয়নের ঘাটাখান গ্রামে গতকাল বেলা একটার দিকে বসতঘরের পাশ থেকে মীম নামের ছয় মাসের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। মীম ওই গ্রামের রিকশাভ্যানচালক বিল্লাল খানের মেয়ে। প্রতিবেশী আলাউদ্দিন খানের স্ত্রী পিয়ারা বেগমের সঙ্গে ঝগড়ার জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পিয়ারা বেগমকে লোকজন আটক করে পুলিশে দিয়েছেন।
বরগুনা: বেতাগী উপজেলায় নেশার টাকা না পেয়ে চাচি ও ভাবিকে কুপিয়ে আহত করার অভিযোগে গণপিটুনিতে মো. সুমন (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, সুমন বরগুনা শহরের চরকলোনি এলাকায় তাঁর পৈতৃক বাড়িতে থাকতেন। গ্রামের বাড়ি বকুলতলীতে প্রায়ই তাঁর আসা-যাওয়া ছিল।
নড়াইল: সদর উপজেলার আগদিয়ার চর গ্রামে মা ও মেয়ের বিরুদ্ধে বাবু সরকার (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গ্রামবাসী ও থানার পুলিশ সূত্র জানায়, বাবু সরকার পানের বরজে দিনমজুরের কাজ করতেন। তাঁর স্ত্রী সন্ধ্যা রানী সরকার (৩৮) নামসংকীর্তন করতে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে প্রায়ই বিভিন্ন এলাকায় যেতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই গোলযোগ বাধত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুপুরে প্রতিবেশীরা ঘরের ভেতরে বাবু সরকারের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
শেরপুর (বগুড়া): মারধর করে কাঁচামাল ব্যবসায়ী আবদুল খালেককে (৪৫) হত্যা করা হয়েছে। গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় বগুড়ার শেরপুর থানার পুলিশ ওই ব্যবসায়ীর লাশ উপজেলার কেল্লাপোষী গ্রামের নিজ বাড়ি থেকে উদ্ধার করে।
শেরপুর থানার উপপরিদর্শক আবদুল মজিদ সরকার বলেন, বৃহস্পতিবার বিকেলে আবদুল খালেক জয়দেবপুর থানার চান্দরা চৌরাস্তার অনুপম সুপার মার্কেটের ‘সূচনা কসমেটিকের’ দোকানে কেনাকাটা করার সময় দোকানমালিক ও কর্মচারীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় এই দোকান মালিক ও কর্মচারীরা আবদুল খালেককে মারধর করেন। এতে আবদুল খালেক মারা যান। পরে লাশটি গ্রামের বাড়ি নেওয়া হয়।
বিরামপুর (দিনাজপুর): উপজেলার বোয়ালদাড় গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে ছেলে আলাউদ্দিনের শাবলের আঘাতে বাবা আব্বাস আলী (৫৩) মারা গেছেন। গতকাল বেলা একটায় এ ঘটনা ঘটে।
নওগাঁ: পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মাহমুদপুর এলাকায় গতকাল পারিবারিক কলহের জের ধরে বাবুল বিশ্বাস (৩২) নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী ফরিদা বেগমকে (২৩) শ্বাস রোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাবুল বিশ্বাস পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল সকালে প্রতিবেশীরা বাবুলের বাড়ি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। একপর্যায়ে সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন তালা ভেঙে ঘরে ঢুকে বিছানায় ফরিদার লাশ দেখতে পান। থানায় খবর দিলে বেলা ১১টার দিকে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল: সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল এলাকা থেকে আবদুস সবুর (৩০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার হয়। তিনি বাঘিল বাজারে ব্যবসা করতেন।
ফরিদপুর: চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ বাজারে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। গতকাল বেলা ১১টার দিকে বাজারের মাছপট্টি এলাকায় ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন।