সাত জেলায় সহিংসতা, আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ৭ জেলার ১৪টি ইউনিয়নে সংঘর্ষ, বাড়িঘর ও অফিসে হামলা, পাল্টাপাল্টি ধাওয়াসহ বিভিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ১০০ জনের বেশি।
মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে দলটির ‘বিদ্রোহী’ ও অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের এসব সংঘর্ষ-সহিংসতার ঘটনা ঘটে। ইতিমধ্যে গত ২৫ দিনে নির্বাচনকেন্দ্রিক সংঘর্ষে নিহত হয়েছেন আটজন।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া, চন্দ্রদ্বীপ, নওমালা ও কেশবপুর ইউনিয়নে গতকাল প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। সন্ত্রাসীদের সহায়তায় আওয়ামী লীগের প্রার্থীরা এসব সহিংসতা ঘটিয়েছেন বলে দলটির বিদ্রোহী ও বিএনপির প্রার্থীরা অভিযোগ করেন।
নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় বিকেলে পুলিশের ওপর আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ ও আরও চার সদস্য আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে দুপুরে বটকাজল গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাদা হাওলাদারের তিন সমর্থকের বাড়িতে ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটে। এর জন্য আওয়ামী লীগের প্রার্থী মো. কামাল হোসেন বিশ্বাসকে দায়ী করা হলেও তিনি তা অস্বীকার করেন। ধূলিয়া ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় সকালে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুল জব্বারের চার সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন আওয়ামী লীগের প্রার্থী আনিচুর রহমানের সমর্থকেরা। পরে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হন। স্বপন নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে চন্দ্রদ্বীপ ইউপির চরওয়াডেল খানকা এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হকের নয়জন কর্মী-সমর্থককে পিটিয়ে জখম করা হয়। আওয়ামী লীগের প্রার্থী মো. আমির আলী হাওলাদারের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ উঠলেও তিনি তা নাকচ করেন। সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দুই ইউপি সদস্য প্রার্থী মো. ফারুক চৌকিদার ও মো. শাহজাহান হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হন। শুক্রবার রাতের এ ঘটনায় শাহাবুদ্দিন ও সোহেল নামের আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও হেমায়েত নামের একজনকে পটুয়াখালীর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলার তিন উপজেলার চারটি ইউপিতে পৃথক সংঘর্ষে ৬০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলা সদর হাসপাতাল ও বরিশাল হাসপাতালে পাঠানো হয়। পুলিশ একটি স্থান থেকে পাইপগান, কার্তুজ ও ককটেল উদ্ধার করে। আটক করে দুজনকে। ভোলা সদরের আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মাকসুদুর রহমান ও আবুল হাসেমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ হয়েছে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আলী আনসার ও মাহাবুব খানের সমর্থকদের মধ্যেও। এতে আহত হন সাতজন। কুপিয়ে জখম করা হয় ইউসুব নামের একজনকে। বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুর রাজ্জাকের সমর্থকদের সঙ্গে কামাল পণ্ডিতের সমর্থকদের সংঘর্ষে আহত হন ২০ জন। এ সময় ভাঙচুর করা হয় আবদুর রাজ্জাকের নির্বাচনী অফিস, মাইক ও গাড়ি। কাচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের কর্মী নসু হাওলাদারের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে আহত হন পাঁচজন। তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের ও বিদ্রোহী প্রার্থী রিয়াদ হোসেন হান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হন কমপক্ষে ১২ জন।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শেখ জাকির হোসেন ও বিদ্রোহী প্রার্থী খালিদুর রহমানের সমর্থকদের মধ্যে শুক্রবার রাত থেকে পাল্টাপাল্টি হামলায় দলীয় ও নির্বাচনী ছয়টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া খাজুরা ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রুহুল কদ্দুস অভিযোগ করেন, গতকাল সকালে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহনেওয়াজের সমর্থকেরা তাঁর বাড়িতে ভাঙচুর করে নগদ টাকা ও জিনিসপত্র লুট করেন। এ সময় তাঁর দুই সমর্থক আহত হন। তবে অভিযোগ অস্বীকার করেন শাহনেওয়াজ। সদর উপজেলার বৈকারী ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল রউফ অভিযোগ করেন, সকালে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আসাদুজ্জামানের ছেলে ইনজামামুল হকের নেতৃত্বে তাঁর বাড়িতে কয়েকটি ককটেল ছোড়া হয়। তাঁকে অবরুদ্ধ করে ছিনতাই করা হয় কয়েক শ পোস্টার। তবে আসাদুজ্জামান অভিযোগ অস্বীকার করেছেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বুধহাটায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুস ছালাম শেখের সাত সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা। গতকাল সকালে বেকুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে কদমতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সালাম শেখের আরও চার সমর্থককে মারপিট ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আগের দিন রাতে কলাখালী ইউনিয়নের রাজারকাঠীতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী দিদারুজ্জামানের নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। অভিযোগ ওঠা স্বতন্ত্র প্রার্থী হেদায়েতুল ইসলাম বলেন, ‘আমাদের ফাঁসানোর জন্য আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা নিজেরাই এ কাজ করেছেন।’ একই রাতে মিরুখালী ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা পাল্টাপাল্টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, গতকাল দুপুরে ৪ নম্বর ওয়ার্ডের গাজীরচর এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. সামসুল বারীর সমর্থকেরা তাঁর সমর্থকদের ওপর হামলা চালালে ছয়জন আহত হন। হামলার কথা অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী। শুক্রবার রাতে বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান খানের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর বাজারে গত রাতে চংধুপইল ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হোসেনের সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় তছনছ করা হয়েছে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী অফিস।
জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ি এলাকায় গতকাল সকালে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন ও তাঁর কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তেজখালী ইউনিয়নে শুক্রবার রাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর প্রতীক, ব্যানার ও পোস্টার ছেঁড়ার অভিযোগ পাওয়া গেছে।