সাত জেলেকে ন্যাড়ার ঘটনায় গ্রেপ্তার ৩

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাত জেলের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের গরিলারটেক জালিয়াপাড়ার নির্যাতিত জেলে গোপাল সর্দার (৬০) বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়ার জামাল হোসেন (৩২), বাঁশখালী পৌরসভার জলদীর মহাজনপাড়ার নেপাল শীল (৩৭) ও লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের তাঁতিপাড়ার আবুল কাশেম (৪৫)।
এ ছাড়া ওই মামলায় রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নুরুল আবছার বদু, একই ইউনিয়নের বদিউদ্দিনপাড়ার বাসিন্দা নুরুল আলম ওরফে আলম ডাকাতসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, গ্রেপ্তার তিন ব্যক্তিকে মঙ্গলবার দুপুরে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, মানহানি ও অপমান করার উদ্দেশ্যে প্রকাশ্যে মারধরের অভিযোগে মামলাটি রুজু হয়েছে। এর পরও কোনো বিষয় বাদ পড়লে অভিযোগপত্রে সংযুক্ত করা হবে।
এ দিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জেলেদের ওপর হামলাকারীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এমন স্বীকারোক্তি আদায় করলেও মামলায় এ-সংক্রান্ত কোনো ধারাই সংযুক্ত হয়নি। এটা খুবই দুঃখজনক।’
প্রসঙ্গত, গত শুক্রবার পেকুয়া উপজেলার রাজাখালীর পেচু মিয়ার খামারের পুকুরে মাছ ধরার জন্য চট্টগ্রামের পটিয়া থেকে মজুরিভিত্তিক সাত জেলেকে ডেকে আনেন বদিউদ্দিনপাড়ার নুরুল আবছার বদু। মাছ ধরা শেষে জেলেরা তাঁদের জালসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে পটিয়ার উদ্দেশে রওনা দেন। তাঁরা ইউনিয়নের মগনামা সীমান্ত ব্রিজ এলাকায় পৌঁছালে কিছু ব্যক্তি তাঁদের আটক করে আবারও বদিউদ্দিনপাড়ায় নিয়ে যান। জেলেদের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ তুলে তাঁদের আটকে রেখে মারধর করা হয়। এ সময় সবার মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে।