সাত দিনে ৫৫ ভারতীয় জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জলসীমায় বঙ্গোপসাগর-সংলগ্ন ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে গত সাত দিনে ৫৫ জন ভারতীয় জেলে ও চারটি মাছ ধরার ট্রলার আটক করেছে নৌবাহিনী। সর্বশেষ গত বুধবার চতুর্থ দফায় একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন ভারতীয় জেলেকে আটক করা হয়। তাঁদের গতকাল বিকেলে মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মংলা বন্দর থেকে প্রায় ১৪০ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশের জলসীমায় বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ঢুকে মাছ ধরার সময় এফবি আবির নামের একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। এর আগে গত সোমবার একই এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় টহলরত নৌবাহিনীর জাহাজ বিএনএস পদ্মা ১৪ জন ভারতীয় জেলেসহ একটি ট্রলার আটক করে। গত শনিবার নৌবাহিনীর একই জাহাজ আরও একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করে। এর আগে ১৫ অক্টোবর সকালে একই এলাকা থেকে টহলরত নৌবাহিনীর জাহাজ বিএনএস মেঘনা ১৪ জন ভারতীয় জেলেসহ এফবি দয়াময় নামের একটি ট্রলার আটক করে।
ভারতীয় জেলেদের অনুপ্রবেশ করে মাছ শিকারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের উপকূলীয় এলাকার জেলেরা। সুন্দরবন উপকূলের জেলেপল্লি দুবলারচরের মেহের আলী চরের জেলেদের মহাজন চট্টগ্রামের আলী হোসেন, সুনীল দাস, শুঁটকি ব্যবসায়ী আলতাফসহ কয়েকজন বলেন, প্রতিবছর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত শুঁটকি মৌসুমে বাংলাদেশি জেলেরা সুন্দরবনের শেষ সীমানায় ও বঙ্গোপসাগরের গভীরে (ফেয়ারওয়ে বয়া এলাকায়) ট্রলার ও নৌকায় করে প্রচুর মাছ ধরেন। এ সময়টা জেলেদের কাছে মাছ আহরণের উপযুক্ত মৌসুম হিসেবে চিহ্নিত। পার্শ্ববর্তী ভারত, মিয়ানমার ও থাইল্যান্ড থেকে জেলেরা অবৈধভাবে বড় বড় অত্যাধুনিক ট্রলার নিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করেন।
তবে সাগরে অধিকাংশ সময়ই ভারতীয় জেলেদের উৎপাত বেশি থাকে উল্লেখ করে দুবলারচর-সংলগ্ন শ্যালারচর, ছাপড়াখালী, আলোরকোলসহ আরও কয়েকটি এলাকার মাঝিরা জানান, বাংলাদেশের জলসীমায় যে এলাকায় মাছের পরিমাণ বেশি, সেসব এলাকায় ভারতীয় জেলেরা ঢুকে মাছ শিকার করেন।
মংলা থানার উপপরিদর্শক (এসআই) মানজুর এলাহী বলেন, আটক হওয়া ভারতীয় জেলেদের বিরুদ্ধে মংলা থানায় মামলা করা হয়েছে। তাঁদের বাড়ি ভারতের কলকাতার হুগলি, কাকদ্বীপ ও চব্বিশ পরগনা এলাকায়। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।