সাত দিনেও খোঁজ মেলেনি অপহৃত চিকিৎসকের
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাদাপোশাকধারী লোকজন এক চিকিৎসককে তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর নাম মোহাম্মদ ইকবাল মাহমুদ। গত শুক্রবার দিবাগত রাতে বাসে করে লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসেন তিনি। সিটি কলেজের সামনে বাস থেকে নামার পর তাঁকে একটি মাইক্রোবাসে জোর করে তুলে নেওয়া হয় বলে পরিবার জানায়।
এ ঘটনায় চিকিৎসক ইকবাল মাহমুদের বাবা এ কে এম নুরুল আলম বাদী হয়ে গত রোববার ধানমন্ডি থানায় অপহরণের মামলা করেন। ইকবাল মাহমুদের বাড়ি লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোড এলাকায়। তিনি আগে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ছিলেন। পরে দুই বছরের বিশেষ প্রশিক্ষণের জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই প্রশিক্ষণের অংশ হিসেবে দুই মাস আগে আবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে পরিবার জানায়।
অপহরণের সাত দিনেও চিকিৎসক উদ্ধার না হওয়ায় চিকিৎসকের পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তাঁর স্ত্রী সোহাদা ইয়াছমিন বলেন, তাঁর স্বামীকে কেন অপহরণ করা হয়েছে, তা বুঝতে পারছেন না তাঁরা।
ইকবালের বাবা মুক্তিযোদ্ধা নুরুল আলম প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না। তাবলিগ জামায়াত করত। সাদাপোশাকধারী লোকজন তাঁর ছেলেকে তুলে নিয়েছে। ছেলেকে ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করছেন তিনি।
এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ‘বিষয়টি ডাক্তারের বাবা আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন। যেহেতু ধানমন্ডি থানায় মামলা করা হয়েছে। বিষয়টি তাঁরা ভালো বলতে পারবেন।’
জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি আবদুল লতিফ বলেন, চিকিৎসক অপহরণের বিষয়টি তদন্ত করে দেখছেন তাঁরা।