নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনায় কিশোরী পান্না আক্তারকে (১৪) ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাত দিনের চেষ্টায় মামলা করতে পেরেছে ভুক্তভোগী পরিবার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মামলার প্রধান আসামি কৌশিক সরকার এবং এর আগে মামুন মিয়া আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে।
পান্নার পরিবার ও স্থানীয় লোকজনের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় নেত্রকোনা মডেল থানার পুলিশ প্রথমে মামলা নেয়নি। এলাকাবাসীর ক্ষোভের মুখে পান্নার মায়ের মামলা নিতে বাধ্য হয় পুলিশ। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। জানা গেছে, আসামি কৌশিক সরকার ওরফে অপু (২৩) জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক উপসম্পাদক, মামুন ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানের ভাগনে এবং অপর আসামি সুলতান মিয়া (২২) তাঁদের সহযোগী।
ওই কিশোরীর মা বলেন, ৩ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে তিন তরুণ তাঁর মেয়েকে মাছের খামারে একটি ঘরে ডেকে নিয়ে যান। রাত আটটার দিকে তিনি কৌশলে মেয়েকে উদ্ধার করে ঘরে এনে জানতে পারেন, ওই তিন তরুণ মেয়েকে ধর্ষণ করেছেন। কিছুক্ষণ পর তরুণদের মধ্যে মামুন এসে ঘটনাটি কাউকে জানালে তাঁদের মেরে ফেলার হুমকি দেন। কিন্তু এলাকায় বিষয়টি জানাজানি হয়ে যায়। পরদিন বেলা ১১টার পর পাশের ঘরের আড়ার সঙ্গে মেয়ের ঝুলন্ত লাশ দেখেন স্থানীয় লোকজন।
কিশোরীর রিকশাচালক বাবা মামলা করতে গেলে পুলিশ তাঁর মামলা না নিয়ে বলে, অপমৃত্যুর মামলা চলবে। আর নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী সাংবাদিকদের বলেছিলেন, ‘মেয়েটি গলায় দড়ি দিয়ে মারা গেছে। কোনো রেপটেপ হয়নি।’ এ নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া হয়। গত রোববার রাতে নেত্রকোনার পুলিশ সুপারের নির্দেশে পুলিশ মামলা নেয়। গ্রেপ্তার করে দুই আসামি মামুন ও কৌশিককে। কৌশিককে গতকাল রাত সাড়ে আটটার দিকে গ্রেপ্তার করা হয়।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোস্তাক আহম্মদকে সরিয়ে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। নতুন তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শাহ-এ নুর আলম বলেন, ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে সোমবার পুনরায় ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে তোলার আবেদন করা হয়েছে।