কুমিল্লার কান্দিরপাড়ে সরকারি জমি দখল করে নির্মাণাধীন একটি বিপণিবিতান সরিয়ে নিতে সিটি করপোরেশনকে সাত দিন সময় দেওয়া হয়েছে। আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ২৩ আগস্ট এ বিষয়ে করপোরেশনকে একটি চিঠি দেন।
সহকারী কমিশনারের চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে ভূমির দখল ছেড়ে দেওয়া না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ চিঠি পাওয়ার বিষয়টি গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেন, ২০১৩ সালের ১৮ আগস্ট নগরের কান্দিরপাড় সড়কের ওপর এবং এর লাগোয়া অংশে কর্তৃপক্ষ ‘সিটি করপোরেশন মার্কেট’ নির্মাণের অনুমোদন দেন।
সরেজমিনে দেখা গেছে, ১৮টি গাঁথুনির ওপর ওই মার্কেট দাঁড়িয়ে আছে। ভবনটির দোতলার বারান্দা সড়কের ওপর এসে গেছে। বর্তমানে ঝুঁকি নিয়েই ওই পথে পথচারী ও যাত্রীরা চলাচল করছেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘গত ২৩ আগস্ট আমরা চিঠি পেয়েছি। এখন নথিপত্র দেখে এর জবাব দেওয়া হবে। ১৯৫৬ সাল থেকে এই জায়গা সিটি করপোরেশনের দখলে আছে।’
সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন বলেন, তাঁর দায়িত্ব সরকারি খাসজমি রক্ষা করা। নির্ধারিত সময়ে ওই স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদ মামলা করা হবে।