চট্টগ্রামে এক জমি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ থেকে সাত পুলিশসহ ১০ আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভুঁইয়া শুনানি শেষে প্রতিবেদন গ্রহণ করে আসামিদের হত্যা মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।
পুলিশ মারধর করে স্বামী রুকনুজ্জামানকে হত্যা করেছে—এই অভিযোগে স্ত্রী শিমু আক্তার বাদী হয়ে গত বছরের ২৪ জুন চট্টগ্রাম মহানগর হাকিম আহমেদ সাঈদের আদালতে মামলা করেন। আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দেন।
অব্যাহতি পাওয়া আসামিরা হলেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন, বাকলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনায়েত হোসেন, কনস্টেবল মিজানুর রহমান, মো. মুসলেম, খোকন মিয়া, শাহিনুর আলম ও আকবর, পুলিশের সোর্স জামাল ও হুমায়ুন কবির এবং স্থানীয় হারুন অর রশিদ। এঁদের মধ্যে আমির হোসেন, মিজানুর রহমান, মো. মোছলেম, খোকন মিয়া ও শাহীনুর আলমকে ঘটনার পর সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, এসআই আমির হোসেনের নেতৃত্বে আসামিরা পিটিয়ে ব্যবসায়ী রুকনুজ্জামানকে হত্যা করেন। এসআই গত বছরের ১৮ জুন রাতে বাকলিয়ার এহসান সিটি এলাকার বাসায় রুকনুজ্জামানকে আটক করতে যান। তাঁকে গাড়িতে তুলে মারধর করে পুলিশ। মারধরের একপর্যায়ে পুলিশের গাড়িতে লুটিয়ে পড়েন রুকনুজ্জামান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, তদন্ত প্রতিবেদনে অসুস্থতাজনিত কারণে জমি ব্যবসায়ী রুকনুজ্জামানের মৃত্যু হয়েছে উল্লেখ করা হয়েছে। আদালত আসামিদের অব্যাহতির আদেশ দেন। তিনি জানান, পাঁচলাইশ থানায় একটি ধর্ষণের মামলায় পরোয়ানা থাকায় রুকজনুজ্জামানকে গ্রেপ্তার করতে যায় পুলিশ।
মামলার বাদী শিমু আক্তারের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে তাঁর বড় ভাই মোহাম্মদ ইলিয়াছ গতকাল রাতে জানান, এই মামলা নিয়ে তাঁরা আর মাথা ঘামান না।