সাত প্রতিষ্ঠানকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন সরঞ্জামাদি ও মেয়াদোত্তীর্ণ অনুঘটক (রিএজেন্ট) বিক্রির অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় তোপখানা রোডের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে অভিযান চালিয়ে র্যা বের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এ সময় প্রায় ৫০ লাখ টাকার অবৈধ মালামালও জব্দ করা হয়।
র্যা ব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিএমএ ভবনে র্যাব-৩-এর একটি দল অভিযান চালায়। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ার পর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ড দেন।
সরওয়ার আলম জানান, যে সমস্ত অনুঘটক ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখার কথা, সেসবের বেশির ভাগই ২০ থেকে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছিল। ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া এবং কোনো ধরনের মান যাচাই না করে বিক্রি করা হচ্ছিল বিভিন্ন ধরনের মেডিকেল ও সার্জিকেল সরঞ্জাম। এ সমস্ত অপরাধের কারণে মেসার্স মেডিকেয়ারকে ২ লাখ টাকা, মেসার্স ভূঁইয়া সার্জিকেলকে ৩ লাখ টাকা, মেসার্স মেডিহার্টকে ২ লাখ টাকা, মেসার্স এম আর ট্রেডিং ইন্টারন্যাশনালকে ৫ লাখ টাকা, মেসার্স লোটাস সার্জিকেলকে ৫০ হাজার টাকা, মেসার্স মিডল্যান্ডকে ১ লাখ ৫০ হাজার টাকা ও মেসার্স মা সার্জিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫০ লাখ টাকা মূল্যের রাসায়নিক উপাদান ও নিম্নমানের মেডিকেল ডিভাইস জব্দ করা হয়েছে বলে সরওয়ার আলম জানান।