সাত বছরের এতিম শিশু ধর্ষণের শিকার
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নে গত সোমবার বিকেলে এক এতিম শিশু (৭) ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।
এলাকাবাসীর অভিযোগ, সোমবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলার সময় খাগড়াবন্দ ময়মনসিংহপাড়া গ্রামের হুমুল মিয়া (২৪) তাকে চকলেটের প্রলোভন দিয়ে ডেকে নেয়। পরে তাকে পাশের একটি ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হুমুল মিয়া পালিয়ে যায়।
গ্রামবাসী সূত্র জানায়, শিশুটির বাবা পাঁচ বছর আগে আর মা চার মাস আগে মারা গেছেন। শিশুটির বড় আরও দুই বোন ও দুই ভাই রয়েছে। দুই বোনের মধ্যে একজনের বিয়ে হয়েছে। আরেকজন অন্যের বাড়িতে কাজ করে। বড় ভাই ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। সবচেয়ে ছোট ভাইটিকে প্রতিবেশী একজন দত্তক নিয়েছেন। ধর্ষণের শিকার শিশুটি মামার বাড়িতে থাকত। তাদেরও কোনো জমিজমা নেই।
এদিকে গতকাল বুধবার দুপুরে গিয়ে হুমুল মিয়াকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার মা রহিমা বেগম (৪৮) বলেন, ‘আমার ছেলে এ রকম ঘটনা ঘটাবে তা বিশ্বাস করতে পারছি না। তারপরও আমি ওই এতিম মেয়েটির চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দিয়েছি। লাগলে আরও দিব।’