সাত বছরের শিশু ধর্ষণের শিকার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটিকে গতকাল শুক্রবার দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির মা প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী এক যুবকের ভাগনির সঙ্গে সে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। পথে ওই যুবক (২৮) কৌশলে তাঁদের নিজ বাড়ির একটি কক্ষে নিয়ে যান। সেখান থেকে ভয় দেখিয়ে তার ভাগনিকে বের করে দেন। পরে শিশুটিকে ধর্ষণ করেন। যুবকের এক ভাগনি শিশুটির স্বজনদের খবর দেয়। স্বজনেরা দৌড়ে ঘটনাস্থলে যান। এ সময় বিষয়টি থানা-পুলিশকে জানালে তাঁদের খুন করার হুমকি দিয়ে যুবক ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্বজনেরা মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। বিষয়টি তাঁরা চেপে রাখার চেষ্টা করেন। কিন্তু মেয়েটির অবস্থার অবনতি হলে গতকাল দুপুরে হাসপাতালে ভর্তি করেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, প্রাথমিকভাবে শিশুটির ধর্ষণের শিকার হওয়ার আলামত পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বিকেল পাঁচটার দিকে জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।