সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ
নরসিংদীর পলাশে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা উপজেলার করতেতৈল এলাকার মো. জয়মুদ্দিনকে (৪০) আসামি করে আজ বুধবার বিকেলে মামলা দায়ের করেছেন।
পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, জয়মুদ্দিন গতকাল সন্ধ্যায় শিশুটিকে জোরপূর্বক বাথরুমের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে জয়মুদ্দিন পালিয়ে যান। পরে শিশুটির স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী সদর হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যান।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করার পর থেকেই আসামি জয়মুদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।