সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় ওই শিশুটি বাড়ির কাছে খেতে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যায়। বাবার অভিযোগ, ওই সময়ে উপজেলার এনায়েতপুর থানার গোসাইবাড়ি চর এলাকার আলাউদ্দিন (২২) নামের এক যুবক শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটির কান্নার শব্দ পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক বনানী রায় জানান, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, এ ব্যাপারে শিশুটির মা আজ মঙ্গলবার রাতে আলাউদ্দিনকে আসামি করে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।