সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
রাজশাহীর বাগমারায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় শিশুটিকে মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় আবদুস সোবহান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও ধর্ষণের শিকার শিশুটির স্বজনদের সূত্রে জানা যায়, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে সোমবার দুপুরে এক কন্যাশিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় প্রতিবেশী আবদুস সোবহান শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন তিনি। বিষয়টি গোপন রাখতে বলা হয় শিশুটিকে। সোমবার রাতে ঘুমানোর সময় শিশুটির রক্তক্ষরণ শুরু হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে। বাবা-মা জিজ্ঞাসা করলে ধর্ষণের কথা জানা যায়। পরে শিশুটির পরিবারের লোকজন গ্রাম্য মাতব্বরদের কাছে যান। তাঁরা শিশুর চিকিৎসা করার পরামর্শ দেন। মঙ্গলবার সকালে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে বাগমারা থানার পুলিশ মঙ্গলবার দুপুরে আবদুস সোবহানকে গ্রেপ্তার করে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনার সত্যতা পাওয়ার পরেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শিশুটির দাদা বাদী হয়ে আবদুস সোবহানকে আসামি করে মামলা করেছেন।