সাত বিঘা চিচিঙ্গা খেত নষ্ট করেছে দুর্বৃত্তরা
নিজের জমি নেই। অন্যের জমি বন্দোবস্ত (লিজ) নিয়ে দেড় বিঘা জমিতে চিচিঙ্গা চাষ করেছিলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের জামিলা বেগম ও তাঁর স্বামী আবদুল কাদের। কিন্তু গত শনিবার রাতে দুর্বৃত্তরা খেতের সব চিচিঙ্গা গাছের গোড়া কেটে ও উপড়ে ফেলেছে।
শুধু জামিলা-কাদের দম্পতির নয়, একই রাতে গ্রামের আরও তিন বর্গা চািষর সাড়ে পাঁচ বিঘা চিচিঙ্গা খেত একইভাবে নষ্ট করেছে দুর্বৃত্তরা। যার মধ্যে মহিদুল ইসলামের দুই বিঘা, ইউনুছ আলীর দুই বিঘা ও ইব্রাহিম হোসেনের দেড় বিঘা খেত রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, এতে তাঁদের ১০ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
আবদুল কাদের বলেন, ‘গ্যালো পাঁচ বচর ধইরে চিচিঙে আবাদ করি। খেত নষ্ট হয়ে যাওয়ায় এবেড্ডা পতে বসতি হবেনে।’
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে গতকাল একটি মামলা হয়েছে। ঘটনার তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।