সাত মাংস ব্যবসায়ীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত ২৬ মে গরুর মাংসের মূল্য ৪২০ টাকা, মহিষের মূল্য ৪০০ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু বেশি লাভের আশায় ৪৫০ টাকায় মাংস বিক্রি করছিলেন রাজধানীর ফকিরাপুল, মালিবাগ এবং মতিঝিল এজিবি কলোনির কাঁচাবাজারের সাতজন মাংস ব্যবসায়ী। শুধু তা–ই নয়, এই বিক্রেতাদের কয়েকজন মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করছিলেন। কেউ আবার পচা-বাসি ও ওজনে কম দিয়ে মাংস বিক্রি করে ঠকাচ্ছিলেন ক্রেতাদের।

আজ সোমবার ওই সাতজন মাংস ব্যবসায়ীকে ৬৭ হাজার টাকা জরিমানা করেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে র‍্যাব-৩–এর একটি দল কাঁচাবাজারগুলোতে অভিযান চালায়। হাতেনাতে মহিষের মাংস বিক্রির ঘটনা ধরে ফেলেন র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম।
সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, প্রথমে ফকিরাপুল কাঁচাবাজারের দুটি দোকানে মহিষের মাংসকে গরুর মাংস বলে প্রতি কেজি ৪৫০ টাকায় বিক্রির ঘটনা ধরা পড়ে। দোকান দুটির মাংস বিক্রেতা আমিনুল ইসলাম ও বরকত উল্লাহ দোষ স্বীকার করেন। তাঁদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একই মার্কেটে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি ও ওজনে কম দেওয়ার দায়ে রাহাত হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সারওয়ার আলম আরও বলেন, খাসির বাসি মাংস বিক্রির অপরাধে মালিবাগ কাঁচাবাজারের বিক্রেতা গোলাম মোস্তফাকে দুই হাজার টাকা, মতিঝিলের এজিবি কলোনির কাঁচাবাজারের নবী হোসেনকে ১৫ হাজার টাকা, মো. রিপনকে পাঁচ হাজার টাকা ও মো. শাহ আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই মার্কেটের একটি ফ্রিজ থেকে বেশ কয়েক দিনের ৮০ কেজি নষ্ট মাংস জব্দ করা হয়।