সাময়িক বহিষ্কারের কারণে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারেননি সাত মাস। পরে জানতে পারলেন তাঁদের বহিষ্কারের মেয়াদ ছয় মাস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সিদ্ধান্তে এক মাস বেশি বহিষ্কারের সাজা ভোগ করলেন তিন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১১ ফেব্রুয়ারি সহকারী প্রক্টর সিকদার মো. জুলকারনাইনকে লাঞ্ছিত করার দায়ে ওই রাতেই সিন্ডিকেটের জরুরি সভায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। ফলে সেদিন থেকে ক্লাস ও পরীক্ষাসহ অ্যাকাডেমিক কোনো কাজে অংশ নিতে পারেননি তাঁরা। তবে তখন বহিষ্কারের মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত সোমবার সিন্ডিকেটের বিশেষ সভায় পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিনজনকে ছয় মাসের জন্য ও বাকি দুজনকে সাত মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ১১ ফেব্রুয়ারি থেকে তাঁদের বহিষ্কার কার্যকর বলে ধরা হয়। সেই অনুযায়ী, তিনজনের বহিষ্কারের মেয়াদ শেষ হয়েছে গত ১১ আগস্ট। কিন্তু বিষয়টি তাঁরা জানতে পারেন গত সোমবার।
ছয় মাসের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মো. সুমন, আমিনুর রহমান ও আরিফ আহমেদ। সাত মাসের বহিষ্কারাদেশ পাওয়া দুজন হলেন অনিক শোভন ও ফয়সাল রাব্বি। তাঁরা সবাই বিপণনবিদ্যা বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী শোভন ও ফয়সালের বহিষ্কারাদেশ আগামী শুক্রবার শেষ হবে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব আবু বকর বলেন, কিছু করার ছিল না। তাঁরা এক মাস বেশি সাজা পেয়েছে সত্য। কিন্তু নথিপত্রে ছয় মাসের বহিষ্কারের রেকর্ডই থাকবে।