বছরের প্রথম সাত মাসে সারা দেশে ৭৭ জন গণপিটুনিতে মারা গেছেন। এর মধ্যে গত জুলাই মাসে গণপিটুনিতে মারা গেছেন নয়জন।
মানবাধিকার সংগঠন অধিকারের জুলাই মাসের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। গত ১ আগস্ট তারা এ প্রতিবেদন প্রকাশ করেছে। বিভিন্ন গণমাধ্যম থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে অধিকার এ পরিসংখ্যান তৈরি করেছে।
অধিকার মনে করে, দেশের ফৌজদারি বিচারব্যবস্থার দুর্বলতা ও বিচারব্যবস্থার ওপর আস্থা কমে যাওয়ার জন্য মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে। অনেক সময় সুযোগসন্ধানীরা তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গণপিটুনির আশ্রয় নিচ্ছে। আবার আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে গণপিটুনির ঘটনা ঘটাচ্ছেন।
অধিকারের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে গণপিটুনিতে মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে সারা দেশে আলোচিত ১৩ বছরের কিশোর সামিউল আলম রাজন হত্যাকাণ্ড রয়েছে। গত ৮ জুলাই চুরির অভিযোগে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পালিয়ে যেতে সাহায্য করেছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। অধিকার এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
অধিকারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মাসে সারা দেশে ধর্ষণের ৫৮টি ঘটনার প্রতিবেদন পত্রিকায় এসেছে। আর যৌন হয়রানির শিকার হয়েছেন পাঁচজন। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৩৬৬ জন।