প্রায় সাত লাখ ইয়াবা বড়িসহ ফেনীতে র্যাবের হাতে ধরা পড়েছেন পুলিশের এক কর্মকর্তা। তাঁর কর্মস্থল রাজধানীতে। তিনি পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান।
আটকের পর এই পুলিশ কর্মকর্তার নোট বুক থেকে ইয়াবা ব্যবসায় জড়িত ১৪ জনের নাম এবং তাঁদের সঙ্গে লেনদেনের ২৮ কোটি ৪৪ লাখ ১৩ হাজার টাকার তথ্য পাওয়া গেছে বলে র্যাব কর্মকর্তারা জানান।
গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুর এলাকায় একটি শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাহফুজুর রহমানের ব্যবহৃত ‘এলিয়ন’ গাড়িটি। পরে র্যাব ধাওয়া দিয়ে চালকসহ তাঁকে আটক করে। ৬ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি ছাড়াও তাঁকে বহনকারী গাড়ি থেকে মাদক বিক্রির সাত লাখ টাকা, চারটি মুঠোফোন, বিভিন্ন ব্যাংকের আটটি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়। মাহফুজুর কক্সবাজার থেকে ঢাকায় ফিরছিলেন।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ২৭ কোটি ২০ লাখ টাকা।
নাম প্রকাশ না করার শর্তে র্যাব-৭-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুলিশ কর্মকর্তা মাহফুজ দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। ইয়াবা বিক্রি করে তিনি এখন কোটিপতি। জব্দ করা এলিয়ন গাড়িটি তাঁর বাবার নামে হলেও এটি তাঁর টাকায় কেনা।
র্যাবের দাবি, কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশ ও চট্টগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তার কাছ থেকে মাহফুজুর বিপুল পরিমাণ ইয়াবা বড়ি সংগ্রহ করে। ঢাকায় ইয়াবা ব্যবসায় জড়িত একটি চক্রের কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল। এই চক্রে পুলিশ ছাড়াও আইনজীবী এবং হাইকোর্টের মুহুরিও রয়েছেন।
মাহফুজুর রহমান ও তাঁর গাড়িচালক জাবেদ আলীকে আটকের পর গতকাল রোববার চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে সাংবাদিকদের ডাকা হয়। কিন্তু সেখানে সংবাদ সম্মেলন না করে সাংবাদিকদের হাতে সংবাদ বিজ্ঞপ্তি তুলে দেওয়া হয়। ঢাকা থেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন পাওয়ার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ের সিদ্ধান্ত বাতিল করা হয় বলে নাম না প্রকাশের শর্তে র্যাবের এক কর্মকর্তা জানান।
পুলিশের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগের বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোনো সদস্য ইয়াবা পাচারে জড়িত রয়েছে র্যাবের পক্ষ থেকে এ রকম অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহফুজুর রহমান স্বীকার করেছেন, ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত কক্সবাজারের টেকনাফ থানায় চাকরি করার সময় ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। কক্সবাজার জেলা ডিবি পুলিশের এএসআই মো. বেলাল এবং চট্টগ্রাম জেলা পুলিশের কুমিরা পুলিশ ফাঁড়ির এসআই মো. আশিকের কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছেন তিনি। তাঁকে এসব ইয়াবা ঢাকায় পৌঁছে দিতে বলেছিলেন তাঁরা। ঢাকায় তাঁর কাছ থেকে ইয়াবাগুলো হাইকোর্টের মুহুরি মো. মোতালেব, আইনজীবী জাকির, এসবি কনস্টেবল শাহীন, কাশেম, গিয়াসদের বুঝে নেওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব কথা তিনি স্বীকার করেছেন।
ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে কক্সবাজারের এএসআই মো. বেলালের মুঠোফোনে গতকাল একাধিকবার কল করা হয়। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।