সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাসে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে সাত লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ফতুল্লার ভুঁইগড় এলাকায় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে ঢাকা থেকে স্বর্ণ ব্যবসায়ী ফালান চন্দ্র দাস ও প্রদীপ চন্দ্র ঘোষ বাসযোগে নারায়ণগঞ্জে আসছিলেন। পথে বিকেল পাঁচটার দিকে ব্যস্ততম ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগড় এলাকায় তিনটি মোটরসাইকেলযোগে এসে নয়জন দুর্বৃত্ত বাসের গতিরোধ করে। দুর্বৃত্তরা বাসে উঠে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ব্যবসায়ী ফালান চন্দ্র দাসের কাছ থেকে সাত লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে বাস থেকে নেমে পালিয়ে যায়। বাসটি চাষাঢ়া আসার পর অন্য যাত্রীরা চালক ও তাঁর সহকারীকে মারধর করেন। পুলিশ গিয়ে চালক দেলোয়ার হোসেন (৪৩) ও সহকারী জাফরকে (৪২) আটক করেছে।
ব্যবসায়ী ফালান চন্দ্র দাস বলেন, তাঁরা দুজন শহরের কালিরবাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী। ঢাকায় স্বর্ণ ও রুপা বিক্রির সাত লাখ টাকা নিয়ে বাসযোগে ফিরছিলেন। দুর্বৃত্তরা তাঁদের পিছু নিয়ে বাসে ওঠে। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের সঙ্গে থাকা সাত লাখ টাকার ছিনিয়ে নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।