সাত লাখ টাকা মুক্তিপণের জন্য ভাতিজাকে অপহরণ
চট্টগ্রামে সাত লাখ টাকা মুক্তিপণের জন্য ভাতিজাকে অপহরণ করেন এক চাচা। কিন্তু শেষ রক্ষা হয়নি। গত সোমবার দিবাগত রাতে নগরের বায়েজীদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে চাচা মাহফুজুর রহমান ও তাঁর বন্ধু রাসেলকে গ্রেপ্তার করা হয়। শিশুটির বাবা শাফায়েত হোসেন একজন ব্যবসায়ী। অপহরণকারী মাহফুজ তাঁর চাচাতো ভাই।
শিশুটিকে অপহরণ করার কথা স্বীকার করে গতকাল মঙ্গলবার দুপুরে নগরের কোতোয়ালি থানায় পুলিশ হেফাজতে থাকাকালে মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, গত ৩১ জুলাই ভাতিজাকে অপহরণ করে সাত লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু রাসেল। পরিকল্পনামতো একটি ছুরি ও মুঠোফোন কেনেন তাঁরা। সোমবার রাতে চকলেট কিনে দেওয়ার কথা বলে নগরের কোতোয়ালি থানার রুমঘাটা এলাকার বাসা থেকে ভাতিজা লাবিবকে নিয়ে যান তাঁরা। নগরের বায়েজীদ বোস্তামীর অনন্যা আবাসিক এলাকায় নিয়ে যাওয়ার পর সেখান থেকে লাবিবের বাবাকে ফোন করে সাত লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।
অভিযান পরিচালনাকারী নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।