সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বৃহস্পতিবার মধ্যরাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী এসএম শামীম হাসান, একই বিভাগের শিক্ষার্থী বিপ্লব কুমার দে ওরফে শান্ত, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের তানভির ফয়সাল, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মো. আল মামুন সিমন ও মো. মাসুদুর রহমান রনি এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তানভির আহমেদ তানিন ও আশিক খন্দকার।
সংঘর্ষের প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন নাসিম রেজাকে। অন্য সদস্যরা হলেন শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক মো. আনিছুর রহমান, রিজেন্ট বোর্ডের সদস্য মো. ওমর ফারুক ও বিএনসিসির পরিচালক প্রভাস চন্দ্র রায়। সদস্যসচিব করা হয়েছে সহকারী পরিচালক আবদুর রউফকে। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরই জড়িতদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাসের নেতৃত্বে একদল শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘এ ধরনের ঘটনা নজিরবিহীন এবং দুঃখজনক। এটা মানা যায় না, গর্হিত অপরাধ।’ তিনি শিক্ষার্থীদের দাবি-দাওয়ার সঙ্গে একমত পোষণ করেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ বজায় রেখে ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে নিজেকে নিরপরাধ দাবি করে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হাসান দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, যশোর জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ইন্ধনে অস্থির হয়ে উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।