সাত হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে একটি বাসে তল্লাশি চালিয়ে সাত হাজার ইয়াবা বড়িসহ তিন যাত্রীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
আটক ব্যক্তিরা হলেন রাজিয়া আকতার (২৫), রশিদ মিয়া (৩৫) ও কবির হোসেন (৪৬)। গতকাল শুক্রবার তাঁদের বাকলিয়া থানায় সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো অঞ্চলের পরিদর্শক তপন শর্মা অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসা বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা বড়িসহ ওই তিন যাত্রীকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, রাজিয়ার কাছে চার হাজার, রশিদের কাছে ১ হাজার ৬০০ ও কবির হোসেনের কাছে ১ হাজার ৪০০ ইয়াবা বড়ি পাওয়া যায়।
তপন শর্মা বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামে এনে এসব ইয়াবা বড়ি বিক্রির পরিকল্পনা করেছিলেন আটক ব্যক্তিরা।