সাত হাজার টমেটোগাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে হারুন পাটোয়ারী নামে এক কৃষকের সাত হাজার টমেটোগাছ আগাছানাশক ওষুধ ছিটিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
হারুন পাটোয়ারী জানান, গত অক্টোবরে তিনি ৯৬ শতক জমিতে সাত হাজার টমেটোর চারা লাগান। সেগুলোয় ফলন ধরেছে। শুক্রবার রাতে কে বা কারা গাছগুলোয় বিষাক্ত ওষুধ ছিটিয়ে দেয়। গতকাল শনিবার বিকেলে জমিতে গিয়ে দেখতে পান, এসব গাছের পাতা হলুদ ও ফ্যাকাশে হয়ে গেছে। মরে গেছে অধিকাংশ গাছ। তিনি দাবি করেন, এতে তাঁর ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘ধার-কর্জ কইরা টমেটো লাগাইলাম। এহন আমার সব শেষ। এইবার ওরা আমার কপাল পুড়লো।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মতলব দক্ষিণের উপসহকারী কৃষি কর্মকর্তা আয়াত আলী বলেন, তিনি ওই জমি দেখে এসেছেন। এসব টমেটোগাছে আগাছানাশক রনস্টার জাতীয় ওষুধ ছিটানো হয়েছে। এতে গাছগুলো মরে যাচ্ছে।