ঈদের কেনাকাটায় চট্টগ্রামের একটি বিপণিবিতানে মেয়েদের সাত হাজার টাকার পোশাক প্রায় তিন গুণ দামে বিক্রি করা হচ্ছিল। জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এটি ধরা পড়ে। ‘সারারা লেহেঙ্গা’ নামের ওই পোশাকটি দোকানি কিনেছেন ৬ হাজার ৯৯৫ টাকায়। কিন্তু ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল ১৯ হাজার ৫০০ টাকায়। একটি পোশাকেই দোকানমালিকের লাভ ১২ হাজার ৫০৫ টাকা!
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের মিমি সুপার মার্কেটের ‘ইয়াং লেডি’ দোকানে অভিযান চালিয়ে এ চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। একই দোকানের আরেকটি পোশাকের পাইকারি মূল্য ছিল ৪ হাজার ৫৫০ টাকা। কিন্তু সেটির বিক্রয়মূল্য লেখা ছিল ১৪ হাজার ৫০০ টাকা। মিমি সুপার মার্কেটের আরও কয়েকটি দোকানেও অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত কম-বেশি একই রকম চিত্র দেখতে পান।
ব্যবসায়ীরা অতিরিক্ত দাম নেওয়ার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের জরিমানা না করে সতর্ক করে দেন।
ভ্রাম্যমাণ আদালতকে ইয়াং লেডি দোকানের মালিক মোহাম্মদ নুরুচ্ছাফা বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। ২৪ ঘণ্টার মধ্যে দাম সমন্বয় করে নেব।’
পরে মোহাম্মদ নুরুচ্ছাফা প্রথম আলোকে বলেন, শৌখিন তরুণীরা বিভিন্ন উৎসবে সারারা লেহেঙ্গা পরতে পছন্দ করে। পাকিস্তান ও ভারত থেকে সাধারণত এসব পোশাক আনা হয়। ঢাকার পাইকারি বাজার থেকে মেয়েদের এই পোশাক তাঁরা সংগ্রহ করেছেন।
মার্কেটের নিচতলায় আঁচল নামের একটি দোকানে একটি শাড়ি বিক্রি করা হচ্ছিল সাড়ে ৪১ হাজার টাকায়। কিন্তু দোকানের মালিক ও মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন এ শাড়ি ক্রয়ের কোনো রসিদ দেখাতে পারেননি ভ্রাম্যমাণ আদালতের কাছে।
গত ১৮ মে আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার রমজান মাসে ভোগ্যপণ্যের মতো কাপড়ের দোকানেও সরকারের তদারকি থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন। সেদিন তিনি বলেন, মানুষের অজ্ঞতার সুযোগে অভিজাত শপিং সেন্টারগুলোতে পোশাকের গলাকাটা দাম রাখা হয়। ঈদের সময় মধ্যবিত্ত পরিবারের লোকজন কেনাকাটা করতে গিয়ে হিমশিম খান। ১০ হাজার টাকার শাড়ি বিক্রি করা হয় লাখ টাকায়।
গতকাল মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা ও জিইসি মোড়ের স্যানমার শপিং কমপ্লেক্সের ২০টি দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। মিমি সুপার মার্কেটে অভিযান শেষে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে গিয়ে কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমের মাধ্যমে সব বিক্রেতাকে অতিরিক্ত মানুফা না করার আহ্বান জানান তিনি। ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ করতে বলেন ব্যবসায়ীদের। এ ছাড়া মার্কেটে অভিযোগ বাক্স রাখার নির্দেশ দেন তিনি। আফমি প্লাজা ও স্যানমার শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতিকেও একই নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা পোশাকের গায়ে বিভিন্ন গোপন কোডে পণ্যের দাম লিখে রাখেন। এরপর ইচ্ছামতো দাম হাঁকিয়ে সাধারণ ক্রেতাদের ঠকিয়ে যাচ্ছেন। বিশেষ করে ভারতীয় পোশাকের ক্ষেত্রে কয়েক গুণ বেশি দাম রাখছেন। প্রথম দিন বলে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এরপর আবারও এসব মার্কেটে অভিযান চালানো হবে।
এদিকে নগরের কর্নেলহাট বাজারে মূল্যতালিকা না টাঙানোয় চার দোকানকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ব্যাটারি গলিতে মূল্যতালিকা না রাখা এবং ওজনে কারচুপি করার দায়ে চার দোকানকে ১৯ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে চকবাজারের রবিন বেকারি নামের এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী, অনুপমা দাশ ও হাসান বিন মোহাম্মদ আলী।