সাত হাজার বেগুনগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত সোমবার রাতে মেজেক আলী নামের এক কৃষকের প্রায় সাত হাজার বেগুনগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও উপজেলার দক্ষিণ দৌলতদিয়া তোমছের মাতুব্বরপাড়ার মেজেক তাঁর বাড়িতে হাইব্রিড ও উন্নত জাতের লাফা বা গোলবেগুনের বীজতলা তৈরি করেন। প্রায় দেড় মাস আগে বাড়ির কাছে চার বিঘা জমিতে সেসব চারাগাছ রোপণ করেন। গাছগুলোতে অনেক ফুল ও বেগুন ধরে। গত মঙ্গলবার সকালে তিনি বেগুনখেত পরিচর্যার জন্য যান। এ সময় দেখেন, প্রায় ৬৬ শতাংশ জমির সব বেগুনগাছ কাটা অবস্থায় পড়ে আছে। এতে তিনি দিশেহারা হয়ে পড়েন এবং এলাকাবাসীকে বিষয়টি জানান। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
মেজেক আলী বলেন, ওই ৬৬ শতাংশ জমিতে বেগুনগাছের প্রায় সাত হাজার চারা রোপণ করেছিলেন। প্রতিদিন গাছের যত্ন করতেন। এলাকায় কারও সঙ্গে তাঁর বিরোধ নেই। তাহলে কী কারণে কারা এমন সর্বনাশ করল, তা তিনি বুঝতে পারছেন না। এতে তাঁর চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, বিষয়টি জানার পর গতকাল বুধবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কৃষিকাজ করে মেজেক আলীর উন্নতির বিষয়টি হয়তো কেউ ভালোভাবে নিতে পারেনি। ঈর্ষান্বিত হয়ে দুর্বৃত্তরা এ ক্ষতি করতে পারে। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।