সাত হাজার লিটার পেট্রলসহ আটক ৩
জামালপুর সদর উপজেলার গুদাশিমলা বাজার এলাকা থেকে আজ শুক্রবার ভোরে সাত হাজার লিটার পেট্রলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় পেট্রলবাহী লরিও জব্দ করা হয়। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা অবৈধভাবে পেট্রল কেনাবেচা করে আসছিলেন।
আটক ব্যক্তিরা হলেন, গুদাশিমলা এলাকার ছোঁয়া এন্টারপ্রাইজের মালিক ছানোয়ার হোসেন (৩৫), শহরের দড়িপাড়া এলাকার রুবেল মিয়া (২৮) ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার বাসিন্দা লরির চালক জিয়া সরকার (৩৮)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার গুদনাইল এলাকা থেকে লরির চালক সাত হাজার চোরাই পেট্রল নিয়ে গুদাশিমলা এলাকায় ছানোয়ার হোসেনের কাছে বিক্রি করতে যান। গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, দীর্ঘদিন ধরে ওই চক্রটি সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে পেট্রল বিক্রি করে আসছিল। আটক ব্যক্তিরা পেট্রল ক্রয় বা বিক্রির কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।