চট্টগ্রামের সাতকানিয়ায় আধিপত্যের বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক পক্ষের নেতা-কর্মীরা একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাজালিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে বাজালিয়া বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনসুরুল ইসলামের সমর্থক সজীব ও সহসভাপতি মোস্তাক আহমদের সমর্থক আজিজের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের নেতা-কর্মীরা লাঠিসোঁটা হাতে নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় হাজির হন। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে দুই পক্ষই সরে যায়। তবে আধা ঘণ্টা পর মনসুরের সমর্থকেরা কেরানীহাট-বান্দরবান সড়কের বটতল এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়।
বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনসুরুল ইসলাম দাবি করেন, ছাত্রলীগের কর্মী সজীব বাজালিয়া বাসস্ট্যান্ড এলাকায় আসার পর মোস্তাকের অনুসারী আজিজের নেতৃত্বে কিছু যুবক তাঁকে বাসস্ট্যান্ড থেকে চলে যেতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তাঁরা সেখানে হাজির হন।
তবে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হারেজ মোহাম্মদ জানান, মনসুরের পক্ষের ছেলেরা গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে।
সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ছাত্রলীগের দুই পক্ষের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি দেখে দুই পক্ষই সরে যায়। গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।