সাতকানিয়ায় ইয়াবা বড়িসহ নারী গ্রেপ্তার
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে থেকে গত শুক্রবার রাতে এক হাজার ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারীর নাম সাহারা খাতুন (২০)। তিনি কক্সবাজার জেলার টেকনাফের পুরান পল্লানপাড়া এলাকার আবুল হোসেনের স্ত্রী।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কে নিয়মিত টহল দেওয়ার সময় জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে যাত্রী ছাউনি এলাকায় একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় মাইক্রোবাসের যাত্রী সাহারা খাতুনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে গাড়ি থেকে নামানো হয়। পরে স্থানীয় এক নারীকে ডেকে এনে তাঁর শরীর তল্লাশি করে এক হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। সাহারা খাতুনের সঙ্গে ছয় মাস বয়সী তাঁর শিশুসন্তান ছিল। মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট শিবলু মিয়া বাদী হয়ে সাহারা খাতুনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গতকাল শনিবার শিশুসন্তানসহ সাহারা খাতুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।