সাতকানিয়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তেমুহানি এলাকায় আজ শনিবার বিকেলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে (১৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেলে তেমুহানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক অভিভাবক সমাবেশ চলছিল। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানের শুরুর দিকে স্থানীয় ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম তাঁর অনুসারী নেতা-কর্মীসহ মিছিল নিয়ে সমাবেশে আসেন। কিছুক্ষণ পর ছাত্রলীগের স্থানীয় আরেক নেতা মোহাম্মদ জাহেদুল ইসলাম তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের নিয়ে সমাবেশে উপস্থিত হয়। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীরা বাগ বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সাংসদ নজরুল ইসলাম চৌধুরী চেষ্টা করেও ছাত্রলীগের দুই পক্ষকে থামাতে পারেননি। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে দুই পক্ষই সমাবেশস্থলের বাইরে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কেঁওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন গুলিবিদ্ধ হন। তাঁকে স্থানীয় নেতা-কর্মীরা উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে ছাত্রলীগের নেতা আমিনুল ইসলাম ও মোহাম্মদ জাহেদুল ইসলাম উভয়েই অন্য পক্ষকে দোষারোপ করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, সমাবেশ চলাকালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এটা হয়েছে সমাবেশের বাইরে। সমাবেশস্থলে তেমন কোনো সমস্যা হয়নি। যথারীতি সমাবেশ সম্পন্ন হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।