সাতকানিয়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১
চট্টগ্রামের সাতকানিয়ার তেমুহানি এলাকায় গতকাল শনিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে একজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, গতকাল বিকেলে তেমুহানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চলছিল। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানের শুরুর দিকে ছাত্রলীগের স্থানীয় নেতা আমিনুল ইসলাম মিছিলসহ সেখানে যান। কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত মোহাম্মদ জাহেদুল ইসলাম তাঁর পক্ষের লোকজনকে নিয়ে সেখানে যান। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
পরে দুই পক্ষ সমাবেশস্থলের বাইরে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে কেঁওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন (১৮) গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হারেজ মোহাম্মদ বলেন, আমিনুল কেঁওচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। আর জাহেদুল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কোনো পদে নেই।
আমিনুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী সমাবেশস্থলে এসে আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। আমাদের নেতা-কর্মীরা সমাবেশস্থলের বাইরে চলে গেলে জাহেদুলের নেতৃত্বে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে আমার পক্ষের রিয়াজসহ কয়েকজন আহত হন।’
অভিযোগ অস্বীকার করে জাহেদুল ইসলাম বলেন, ‘আমিনুলের গ্রুপের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এরপর আমরা সমাবেশের বাইরে চলে আসি। পরে তারা বাইরে এসে আমাদের নেতা-কর্মীদের ওপর গুলি চালায়।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে গোলাগুলি হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।