সাতকানিয়ায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৮৪
নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের নেতাসহ ৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাতকানিয়া (সদর) ইউনিয়ন জামায়াতের আমির খানে আলমসহ জামায়াত-শিবিরের আট কর্মী রয়েছেন। খানে আলমের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। তিনি সাতকানিয়া (সদর) ইউনিয়নের বারদোনা সিকদারপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
ওসি জানান, আদালতের মাধ্যমে গতকাল আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম দক্ষিণ) মো. হাবিবুর রহমান বলেন, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতায় জড়িত থাকার অভিযোগে জামায়াত-শিবিরের নেতা-কর্মী, ডাকাত, মানব পাচারকারীসহ ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।