চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রেপ্তার জামায়াত নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইখতিয়ার উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার চরতি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ হাসেমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় তিন কর্মকর্তাসহ পুলিশের ছয় সদস্য আহত হন।
এসআই মো. ইখতিয়ার উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা হাসেমকেও আসামি করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদউদ্দিন খন্দকার বলেন, হামলার পর ১৪ জনকে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে ১২ জনকে যাচাই-বাছাইয়ের পর গতকাল ছেড়ে দেওয়া হয়েছে। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।