সাতকানিয়ায় দুটি বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল চৌধুরীপাড়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা মোস্তাফিজুর রহমানের ধানের গোলা ও রান্নাঘরে এবং শাহাবুদ্দিন চৌধুরীর রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। ধানের গোলার প্রায় অর্ধেক পুড়ে গেছে। বসতঘরের মালিকেরা দীর্ঘদিন থেকে চট্টগ্রাম শহরে বসবাস করে আসছেন।
মোস্তাফিজুর রহমানের বসতঘরটি তদারক করেন নারু বেগম নামের এক নারী। আগুন দেওয়ার সময় তিনি ঘরে ছিলেন। তিনি বলেন, ‘রাত তিনটার পরে রান্নাঘরের দিকে আগুন দেখে চিৎকার দিয়ে উঠি। লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় দেখা যায়, উঠানের পূর্ব দিকে ধানের গোলার নিচেও আগুন জ্বলছে। এতে সন্দেহ হয় কেউ আগুন ধরিয়ে দিয়েছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আহমদ কবিরের দাবি, এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ কাজ করতে পারে। এর আগেও দুবৃর্ত্তরা ৯-১০টি খড়ের গাদা ও একটি গুদামে আগুন ধরিয়ে দিয়েছিল।
একই মন্তব্য করেছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, বসতঘরে আগুন দেওয়ার বিষয়ে কেউ অভিযোগ করেননি। এর পরও বিষয়টি তদন্ত করে দেখা হবে।