সাতকানিয়ায় পেট্রলবোমা হামলা, ট্রাক উল্টে আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে লবণবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাক উল্টে দুজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন চালকের সহকারী দেলোয়ার হোসেন ও মোমিনুল হক। তাঁদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। ট্রাকটি কক্সবাজারের পেকুয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, একটি অন্ধকার গলি থেকে বের হয়ে কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালকের দুজন সহকারী সামান্য আহত হন।