সাতকানিয়ায় যুবলীগের কর্মীকে কুপিয়ে জখম
চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাঁর নাম মোহাম্মদ শাহ আলম (৩২)। গত শনিবার রাতে উপজেলার মাদার্শা ইউনিয়নের জয়নগরের মাঝের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। শাহ আলমের বাড়ি মাদার্শা ইউনিয়নের সমিতিরঘর পল্লানেরপাড়া এলাকায়।
শাহ আলমের বড় ভাই মো. মনজুর আলম বলেন, তাঁর ছোট ভাই দুই বছর আগে সৌদি আরবে যান। কিছুদিন আগে দেশে এসেছেন। দেশে থাকার সময় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জামায়াত-শিবিরের কর্মীরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছেন বলে তিনি দাবি করেন। একই কথা বলেন, সাতকানিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত আটটার দিকে শাহ আলমসহ তাঁর বন্ধুরা মাঝেরদোকান এলাকার একটি মুদি দাকানের সামনে বসে গল্প করছিলেন। এ সময় আট-নয়জন যুবক শাহ আলমের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে তাঁর বাম হাত, বাম পাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) যশমন্ত মজুমদার প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শাহ আলমের ওপর হামলাকারী সন্ত্রাসীরা জামায়াত-শিবিরের কর্মী। হামলাকারী যুবকদের কয়েকজনের নামে থানায় নাশকতার মামলা আছে।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, যুবলীগের কর্মী শাহ আলমের ওপর হামলার ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত মামলা হয়নি। তাঁর পরিবার বলেছে মামলা করবে।